রাজা হবে এই আশাতে
ভিক্ষের ঝুলি ধরে
ভোট চাইতে যাবে সে যে
সবার দোরে দোরে।
এখন কি আর রাজ্য মেলে
তরবারির জোরে?
ভোট চাইতে হবে তাই
নানা কায়দা করে
সাধু বেশে, হেসে হেসে
মিছেমিছি ভালোবেসে
বলবে শেষে তোমরা আমার
প্রাণের প্রিয় ভাই
তোমাদের কাছে একটাই দাবি
একটি ভোট চাই।
ভোট যদি পাই বদলে দেবো
পুরো রাজ্যেটাই
সত্যি কথাই বলবে সে যে
মিথ্যে কিছু নাই।
ভোটের পর রাজ্যের সাথে
বদলে যাবে রাজা
পায়ের উপর পা তুলে
খাবে বাদাম ভাজা।
প্রজারা সব না খেয়ে থাক
রাজার তাতে কি?
রাজার পাতে কোর্মা পোলাও
তাতে খাঁটি ঘি।
অত্যাচারে অনাহারে
ভরে যাবে দেশ
তবুও রাজার দিনগুলি
কাটবে সুখে বেশ।
Comments (6)