মৌমাছির মত দলবদ্ধ আমরা নই
প্রতি পলে পলে জ্বালিয়ে দিই অশান্তির বহ্নিশিখা
তান্ডবলীলার বেষ্টনীতে আবিষ্ট পূর্বপুরুষেরা
সন্ধ্যাবাতি জ্বালাবার আগেই
সাঙ্গ করি জাগতিক খেলা।

মাটির মমতাঘেরা শিল্পতরীর কান্ডারীকে
নৃশংসভাবে পুড়িয়ে ছাইভস্ম করি
আমাদের ঘৃনার আগুনে।

শৈশবে এই মাটিতে হামাগুড়ি দিয়ে
অনাদিকালের প্রশস্ত পথের স্বপ্ন দেখেছি
হাটি হাটি পা পা করে এই মাটিতেই,
ভর দিয়ে ভবিষ্যতের শক্তিশালী মানুষ হওয়ার
যুৎসই কৌশল রপ্ত করেছি।

অথচ এই মাটি নিয়ে কত যুদ্ধ ! কত ষড়যন্ত্র !
প্রেমের জন্য, ফসলের জন্য, বাঁচার জন্য,
এমনকি শেষ আশ্রয়ের জন্যও!
একটি প্রশ্ন আমাকে কুরে কুরে খায়
একজন মানুষের কতটুকু মাটি প্রয়োজন।?