একঝাঁক পায়রা
মনসুর আজিজ
চেতনার গভীর থেকে উড়ে এলো একঝাঁক পায়রা
মিশে গেলো বিকেলের আকাশে
পায়রারা মেঘ হলো
পায়রারা সাদা মেঘ হলো
পেজাতুলোর মতো ভেসে বেড়ালো আকাশে
পায়রারা ফেনা হলো
তার আগে বৃষ্টির প্রতীক্ষিত ফোঁটা হয়ে নেমে এলো পৃথিবীতে
বৃষ্টির ফোঁটাগুলো উড়তে শিখলো
টিনের চালে, গাছের ডাল বেয়ে
সবুজ পাতার নরম গালে চুমো খেলো
আবার হাঁটতে শিখলো
গাছের শিকড় বেয়ে, লাউয়ের মাচা বেয়ে
কিশোরীর দৌড়ের গতিতে
মাঠ ঘাট বিল পেরিয়ে নেমে এলো
যৌবনবতী নারীর পিঠের মতো বাঁকা খালে
খালগুলো নদী হলো, নদীগুলো সমুদ্র হলো
সমুদ্রে ছুটে চলা জাহাজের ঢেউয়ের ফেনা হলো
তারপর সাদা গাঙচিল হলো
পায়রারা প্রতীক্ষিত গাঙচিল হলো
একটি পায়রা বিষণ্ন দুপুরে
নাবিকের স্বপ্নের পরী হলো অবশেষে
Comments (0)
No comments yet. Be the first to comment.