এক মোম জোৎস্নায়, তোমার বাড়ির
কাঠের বারান্দায়, বেতের আরাম কেদারা।
সামনে ঋজু ইউক্যালিপ্টাস,
সটান আকাশে ঊর্দ্ধ বাহু তুলে,
দুলে দুলে জোৎস্না মাখছে,
ওদের কাণ্ড জোৎস্নায় আরও দুধসাদা।
শীতের সন্ধ্যায় দূরের পাহাড় বিরহের মতো নীল।
জোনাকির আনাগোনা পাইনের মাথায় মাথায়,
একদল ‘সাইকেডা’ মনাস্ট্রির ভিক্ষুদের মতো
একনাগাড়ে ঘণ্টা বাজিয়ে চলেছে পাইনের বনে।
তুমি সিঁড়িতে বসে, রেলিং-এ হেলান দিয়ে,
হাতে গরম কফির ধোঁয়া ওঠা মগ।
আমার চুমুকে 'জুম্-জিন্' ভুটানিজ পিচ ওয়াইন,
তোমার হাতে বানানো মোমোর সাথে ‘ভুত জলোকিয়ার’ চাটনি।
সাদা কাফতান, খোলা চুলে তুমি ভীষণরকম মায়াবি!
হঠাৎ একটুকরো অনাহূত মেঘ, ভিজিয়ে দেয় আমাদের ঘন মুহূর্ত!
তখন তোমার গলায় গুনগুন-
‘আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে’…
Comments (2)