আমার মধ্যে দুটি সত্তা একত্রে বাস করে।
আমি আর ও,
আমি যখন ঠিক আমার আমি,
আমি যখন লোকেদের আমি।
একজন নির্জনে, নিজের ঘরের কোণে বাস করে,
অন্যজন বাইরের জগতের জন্য।
যেই আমি চৌকাঠ পার হই,
আমি অন্য আমি হয়ে যাই!
নিজের জগতে খালি গায়ে ঘুরে বেড়াই,
দাড়ি কাটার প্রয়োজন মনে হয় না।
মন খুলে বেসুরো গান গাই,
বাগান করি, রাস্তা পর্যন্ত ঝাঁট দিই।
(মন খারাপ হলে চুপি চুপি নিভৃতে কাঁদি)
রাস্তায় বেরোলেই আমি অন্য লোক।
ধোপদুরস্ত জামাকাপড়, নিখুঁত কমানো দাড়ি।
পলিশ করা জুতো, চটি পরে বেরোতে কেমন যেন লাগে,
আমি গটগট করে হাঁটি।
(গাম্ভীর্য নির্বোধের মুখোশ : রবীন্দ্রনাথ)
চেনা মুখ দেখলে মিষ্টি হাসি,
তাছাড়া সদা গম্ভীর থাকি।
(পাছে শূন্য কলসি ধরা পড়ে যায়)
আপাতদৃষ্টিতে সবাই আমায় দাম্ভিক ভাবে,
যারা নিকটে আসে মেশে, ভালোবাসে,
তারা চিনে নেয় সত্যি আমাকে,
নরম মনের এক খুব সাধারণ আমাকে।
(কেউ কেউ আমাকে, দ্বিচারী বলে! বলুক!)
Comments (0)
No comments yet. Be the first to comment.