পঁচিশে কার্তিক, সবে ভাইফোঁটা পর্ব শেষ।
বলা নেই কওয়া নেই হঠাৎ দুপুর থেকে প্রবল বৃষ্টি।
সাথে ন্যাপথলিনের মতো বড় বড় গোলা পড়ছে।
টিনের চালা, টালির চালা সব ফেটে চৌচির।
আমাদের পুরোনো অস্টিন বাইরে রাখা ছিল,
তার উইন্ডস্ক্রিন চুরমার।
তোমার কল্লোলিনী কলকাতার খবর কী?
এখানেও হালকাফুলকা বৃষ্টি হলো, তবে মালদহে
তোমাদের মতোই অবস্থা,
টিনের চালে যেন ড্রিল দিয়ে ফুটো করা হয়েছে।
চারদিকে গল্ফ বলের ছড়াছড়ি।
বড়দি আর মা চলে যাবার পর ভাইফোঁটা
হারিয়েছে তার মেজাজ, নতুন প্রজন্ম তো ছন্নছাড়া।
মন বড়ই উদাস! পালাই পালাই, উচাটন!
পুজোর সময় তো আসা কনফার্ম,
তুমি বরং দুদিন শিলং ঘুরে যাও এখনই।
প্রমিস, মন ভালো করে দেব,
ব্যাম্বুশুট চিকেন খাওয়াব, বাঁশের ভিতর রোস্টেড
সঙ্গে ব্রাউন স্টিকি রাইস,
একদিন গাহোরি মাংস খাওয়াব পাহাড়ি শাক দিয়ে
মুচকি হাসছ কেন? বল—
আমি তো এক পায়ে খাড়া, কিন্তু উপায় কই
ডুবে আছি সংসারের গভীর জাঁতাকলে
এ টান মার্ধ্যাকর্ষণের থেকেও গহন,
আমার বল, এস্কেপ ভেলোসিটির থেকে অনেকই কম
বেরোবার পথ নেই—
ঝুলে আছি মনমরা প্লুটোর মতো,
নির্বাসিত, অপেক্ষায়—
Comments (1)