কার অপেক্ষায় চেয়ে আছি খোলা রাস্তার দিকে,
মাইলের পর মাইল লম্বা নিস্তব্ধতা হাহাকার করছে।
বছরের পর বছর দীর্ঘ একাকিত্ব কার অপেক্ষায়?
এক লক্ষ আলোকবর্ষ অভিমান
চেপে আছে বুকে,
কোনো কৃষ্ণগহ্বর ও শুষে নিতে পারেনি
আমার অন্তরের অন্তঃস্থলের অভিমান।
আমার জন্য কাঁদার কেউ নেই,
শিয়াল, কুকুর? না তারাও না!
হঠাৎ সুদূর মহাকাশের
কোন ভিনদেশী গ্রহ থেকে ভেসে এলো
বেতার তরঙ্গ, যার ঝংকারে
আমার মনের বীণা বেজে উঠছে অনুরণিত হয়ে!
আর কত বছর,
লোলচর্ম, শুভ্রকেশ, খড়িওঠা ত্বক নিয়ে
আলোকবর্ষ দূর থেকে আসা
অভিসারিকা-ক্রমিক নং α-০৯০৭এক্স এর অপেক্ষায়।
Comments (0)
No comments yet. Be the first to comment.