আমার পোর্টম্যান্টো সুটকেসে ১৫১ টা চিঠি
প্রত্যেকটা চিঠির ভিন্ন ভিন্ন রঙ,
সব চিঠির আলাদা আলাদা গন্ধ।
সেই কবে থেকে এক এক করে,
জমিয়ে রেখেছি যত্ন করে, বছরের পর বছর ধরে।
৫১ টা চিঠি লাবণ্যের
২১ টা চিঠি কুর্চির
২৯ টা চিঠি বনলতার
১৯ টা চিঠি অপর্ণার
৩০ টা চিঠি নীরার
শেষ চিঠিটা তোমার লেখা।
নীল খামে ছোট্ট করে লেখা আমার নাম।
ভিতরে ‘ঈর্ষা’ সবুজ কাগজে,
ঝরনা কলমের নীল কালিতে লেখা,
‘তোমার চলে যাওয়ার কথা’!
সেদিন অঝোর ধারায় বৃষ্টি!
আমি ময়দানে, ট্রাম লাইনের পাশে,
জারুল গাছের নিচে দাঁড়িয়ে ভিজছি,
জারুল সেদিন বেগুনি ঘাঘরায় যেন অভিসারে।
তুমি ফুলফুল ছাতায় মিলিয়ে যাচ্ছ ক্যাসুয়ারিনা এভিনিউয়ে...
নীল খাম থেকে বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে আমার নাম…
বাড়ি ফিরে আমার গোঁসাঘরের ছাদে,
আকাশে উড়িয়ে দিলাম ১৫১ টা রঙিন খাম।
বৃষ্টির গন্ধে মিশে গেল আমার সব মানসীদের প্রেমের সৌরভ…
আমার পোর্টেম্যান্টো খালি পড়ে রইলো একাকী আলমারির মাথায়।
Comments (0)
No comments yet. Be the first to comment.