ভোরবেলা পাশ ফিরে শুই,
আমার অসমাপ্ত স্বপ্নগুলোর শেষ দেখবো বলে।

পাশবালিশ আঁকড়ে ধরি বাকি ঘুম পুরো করতে,
অসমাপ্ত স্বপ্নগুলোর শেষ দেখতে হবে।

কিছুতেই আর ঘুম আসে না!
প্রাণপণে চোখ চেপে, বালিশ আঁকড়ে ঘুমাতে চেষ্টা করি!

শেষ না হওয়া স্বপ্নগুলো আমায় দেখতেই হবে!

স্টেশনে পৌঁছে দেখি ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে!
‘এল ভি’-লেখা শেষ কামরার পিছনে লাল বাতি জ্বলে নেভে।

আমার চাকরির ইন্টারভিউ!
মিলিয়ে যায় ডিসট‍্যান্ট সিগন্যালের লাল আলোয়…

লাবণ্য আমার দরজায় এসে ডোর বেলে হাত রাখে…
আলার্মের ঘণ্টায় আমার ঘুম ভেঙে যায়!

মিনি কুপারের বুকিং এমায়ুন্ট দিতে গিয়ে,
কিছুতেই ক্রেডিট কার্ডের পিন মনে আসে না…

সুইজারল্যান্ডে ইমিগ্রেশনে পাসপোর্ট খুঁজতে তোলপাড়,
কিছুতেই পাওয়া যাচ্ছে না…

প্রাণপণ চেষ্টা করি ঘুমাতে,
অসমাপ্ত স্বপ্নগুলোকে দেখে শেষ করতেই হবে…