হঠাৎই একদিন মাঝরাতে দু লাইন কবিতা আসে।
তারপর তাঁকে কুলাল-চক্রে ফেলে ঘষে মেজে,
কখনও আঙুলের আলতো চাপে,
কখনও বা দুই তালুর মধ্যে তোমার মুখ ধরার ধাঁচে,
ধীরে ধীরে তৈরি করি আমার কবিতা।
হঠাৎই একটু দৃঢ় চাপে টোল খেয়ে যায়,
আলতো হাতে আবার তাকে নূতন করে গড়ি।
ধীরে ধীরে মৃৎপিণ্ড যেমন কলসীর রূপ নেয়,
তেমনি আমার কবিতা কথার জাল থেকে ফুটে ওঠে
শরতের শতদলের মতো।
সব কবিতা নিটোল হয় এমন নয়!
কিছু টোল খাওয়া কবিতা পত্রপাঠ বাতিল করে দিই!
কিছু কবিতা অসমাপ্ত স্বপ্নের মত,
পড়ে থাকে খেরোর খাতার পাতায়।
কিছু বেশ ভালো কবিতা নিয়ে দোরে দোরে ঘুরি!
কেউ পড়ে না, কেউ প্রকাশ করে না!!
মনমরা থাকি কয়েকদিন,
ফের অভিমান ভুলে আবার প্রতিথযশা কবির মত
করে লিখতে চেষ্টা করি।