হঠাৎ করে সব উন্নয়ন মাঝ পথে স্তব্ধ!
নাগেরবাজারের ড্রেনের কংক্রিট কভার...
পাকাপোক্ত পেভমেন্ট ভেঙে নতুন করে শুরু করা...
শ্যামনগরের পেভিং টাইলস দিয়ে তৈরি রাস্তা…
ডিভাইডারের মাঝে ফুলের বাগান…
অনুপ্রেরণায় খাড়া করা সুউচ্চ বাতিস্তম্ভ,
সেখান থেকে খসে পড়ছে আলোর বাহু।
নীচে খেলতে থাকা এক শিশু মুহূর্তেই শেষ।
মা ভাসে চোখের জলে,
বাবা চার লাখের চেক হাতে মনে মনে ভাবে,
পাওলো কোয়েলহোর ভাষায় "জাস্ট ইলেভেন মিনিট্স"।
বাস যাত্রী-ছাউনি থেকে একে একে মুছে যাচ্ছে
হাস্যময় সব নেতা নেত্রীর মুখোশ!
রাস্তা জুড়ে গড়াগড়ি খাচ্ছে দলের পতাকা।
রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকার কথা ছিল তো উন্নয়নের,
হঠাৎ সব উন্নয়ন থমকে থাকে না হওয়া রাস্তার মাঝে॥
Comments (2)