রঙ: 16-5-26

ফুরুষ ফুলের মতো থোকা থোকা আমার অভিমান!
জমে আছে বুকের কোণে।
কখনো গোলাপী, কখনো লাল তো কখনো সাদা,
অভিমানের অনুরণণের সাথে রঙ পাল্টায় আমার ফুলেরা।

কাঠগোলাপের মতো থোকা থোকা আমার অনুরাগ!
কখনো ধবধবে সাদা, কখনো বুকে হলুদের প্রলেপ
তো কখনো লাল,
যখন শিশুদের সাথে থাকি তখন নির্মল সাদা,
যখন মানসীদের সাথে তখন বুকে হলুদের প্রলেপ,
যখন তার সাথে তখন ঘোর লালবর্ণ।

আমার দুঃখগুলো নীলবর্ণ,
বসন্তে নীলমনির মতো মঞ্জরিত গাছভরা।
তারপর সব দুঃখ ঝরে যায় এক এক করে,
নীলমনি ফুলের মতই ঘুরতে ঘুরতে
চক্রাকারে নেমে আসে ধরাতলে!

আমার আর কোনো দুঃখ থাকে না॥