সারমেয় আগে আগে চলে, মধ্যে মধ্যে পিছু ফিরে চায়,
প্রভু পিছিয়ে পড়েনি তো!
যুধিষ্ঠির,তার পিছনে পার্থ আরও কিছু পরে ভীম ।
ভীম পিছন ফিরে দেখে যোজনগন্ধা দ্রৌপদী
পড়ে বরফের উপর ক্লান্ত, পরিশ্রান্ত।
মহাপ্রস্হানের পথে সবাই নিজের নিজের
কারো পিছনে ফিরতে নেই - - -
ভীম তবু পিছু হাঁটে, দ্রৌপদীর মাথা তুলে নেয় নিজ ক্রোড়ে।
কানে কানে শুধায় "তোমার কি খুব কষ্ট হচ্ছে পাঞ্চালী?"
দ্রৌপদী খুব কষ্টে চোখ মেলে চায় দ্বিতীয় পাণ্ডবের পানে,
শুষ্ক ঠোঁট তিরতির করে কাঁপে,
এক চিলতে হাসি ফুটতে চায় ঠোঁটের কোণে!
বন্ধ চোখে পাঞ্চালী ভাবে সে তো একমাত্র অর্জুনকে চেয়েছিল,
ভালবেসেছিল, ফাল্গুনী তাকে ছেড়ে গেছে বার বার,
করেছে বহু বিবাহ-উলুপি, চিত্রাঙ্গদা, সুভদ্রা!
কখনো করেনি প্রতিবাদ তার অপমানের।
কিন্তু ভীম ---
জটাসুর বধ, কীচক হত্যা, জয়দ্রথর মস্তক মুণ্ডন,
দুর্যধনের উরুভঙ্গ, আর এখন....
পাঞ্চালী শেষ বারের মতো ভীমের পানে চায়, মৃদু হাসে
অতঃপর ...
Comments (0)
No comments yet. Be the first to comment.