লাবন্য তোমার তো পাহাড়ে চলা অভ্যাস,
আমি হাঁটতে ভালবাসি নদীর ধার ধরে।
চলো দু'জনে নর্মদা পরিক্রমায় যাই,
সমতলে দুজনে চলবো পাশাপাশি,
কখনো তোমার হাত আমার হাতে।
চড়াইয়ে তুমি ধরবে আমার হাত,
উৎরাইয়ে আমি ধরবো তোমার।
অমরকন্টকে নর্মদাকুণ্ডে স্নান, মায়ের মন্দিরে পূজা,
আমাদের যাত্রা শুরু হবে দক্ষিণ তট দিয়ে ।
নর্মদার দুপারে ঘাটে ঘাটে চান করবো,
গা ধোবো, শিব লিঙ্গ খুঁজবো নদীর জলে,
কমুন্ডলু ভরে নেব ঝরনার শীতল জল।
রাত জেগে চলবো, বহেড়া, হরীতকী গাছের জঙ্গলে,
কখন রাত কাটাব কোনও মঠে।
দুজনে রেবা রেবা রবে মাধুকরী করবো পাশের লোকালয়ে।
সন্ধ্যায় মঠে ফিরে তোমার পায়ে লাগিয়ে দেব ঘৃতকুমারীর রস।
এক শুক্লা চতুর্দশীর রাতে ভৃগুকচ্ছে স্নান সেরে
আমাদের ফিরতি যাত্রা শুরু হবে উত্তরতট দিয়ে।
১৪৯ দিনে আমাদের যাত্রা শেষ হবে মার্কন্ডেয় আশ্রমে॥
সেখান থেকে তুমি ফিরে যাবে তোমার বাড়ি,
আমি যাবো আমার ঘরে॥
Comments (0)
No comments yet. Be the first to comment.