হঠাৎ নীরার জন্য:
তুমি তখন সুন্দরীদের নতুন কেনা বইয়ে অটোগ্রাফ দিতে ব্যস্ত -
নীরা আগের বছরের পোড়া জারুল গাছের নীচে,
তোমার অপেক্ষায়,
অধৈর্য ঠায় দাঁড়িয়ে।
আনন্দ ছেড়ে তুমি দে’জ-এ এসে বসেছ।
একশ একুশটা সই হয়ে গেছে।
নীরা অভিমানে নীল,
পা পা করে লিটলম্যাগাজিনের স্টলে,
তারাপদ রায়ের কবিতা ঘাঁটে।
বেহুঁশ তুমি অবিরল সই বিলি করো,
নবীনাদের ঘ্রাণ নিতে নিতে।
আমি ছুটে গিয়ে তোমায় ইশারাতে জানান দিতে চাই,
তুমি তখনও ব্যস্ত তোমার সাদা জুঁলফির ব্যাখ্যা দিতে …
নীরা ক্যাথিড্রাল রোড ধরে হাঁটতে থাকে
ময়দান মেট্রোর দিকে——