প্লুটোঃ ১০ আষাঢ়’৩১ কলকাতা
বেশ তো সূর্যমামার কড়ে আঙুল ধরে,
চক্রাকারে ঘুরে চলেছিল এতকাল
হঠাৎ এমন কী হলো! ছোট্ট প্লুটোকে,
গ্রহদের দল থেকে বহিষ্কার করা হলো।
ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি নয়ে নবগ্রহ,
এবার তবে নয়ে কি?
কারণ খুঁজতে জানা গেল!
সে তার রোজকার হোমওয়ার্ক নিয়মিত করেনি!
গ্রহ হিসেবে তার পারিপার্শ্বিক সব আবর্জনা সাফ করে,
নিজের বুকে ধারণ করার কথা।
সে অপারগ তাই এই ক্রূর পদক্ষেপ!
আশেপাশেই তো ছিল দুই বড় ভাই
নেপচুন, ইউরেনাস কেউ কি পারত না?
বাড়িয়ে দিতে সাহায্যের হাত, ছোট্ট ভাইয়ের দিকে?
মাধ্যাকর্ষণে সব জঞ্জাল কি টেনে নিতে পারত না নেপচুন!
প্লুটো এখন একঘরে বেঁটে বামন…
বড় একা মনমরা প্লুটো ঝুলে আছে,
মহাকাশে অভিমানে!