মরীচিকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২
বিষুবরেখার উপর দিয়ে হেঁটে চলেছি,
আমার ডানদিকে সুমেরু, বামদিকে কুমেরু।
বিষুবরেখা থেকে কোনো মেরু দেখা যায় না,
কারণ ধরণী অখণ্ড মণ্ডলাকার।
ও বললো— সুমেরু বামদিকে, কুমেরু ডানদিকে!
কঙ্গো নদীর পার দিয়ে চলতে চলতে দেখলাম,
একদল শিম্পাঞ্জি একে অপরের পরিচর্যা করছে,
অন্য পাশে একপাল সিংহী,
ঊর্ধ্বপদ হয়ে বাওবাব গাছের নিচে নিদ্রামগ্ন!
ও বললো— ওগুলো সিংহী নয়, বাঘ!
উত্তরকাশী থেকে গঙ্গোত্রীতে পা ডুবিয়ে চলেছি,কেদারনাথের দিকে,
উত্তর থেকে বরফগলা জল নেমে যাচ্ছে, দক্ষিণে সাগরের দিকে।
ও বললো— এখন জোয়ার, জল এখন ঊর্ধ্বগামী!
বিশবছর একসাথে চলেছি দুই রেলের ন্যায় সমদূরত্ব রেখে,
রেললাইনের মতোই দিগন্তরেখায় মিলনের আশায়—
যতই এগিয়েছি সরে সরে গেছে পথ,
যেন শুধুই মরীচিকা…
Comments (0)
No comments yet. Be the first to comment.