ডুব:২২/চৈত্র ১৪৩০
আমায় এক টুকরো আকাশ দেবে —
জানালার পাশে টাঙিয়ে রাখবো।
হাতে গোনা কয়েকটা তারা,
কোজাগরীর চাঁদ না হোক, নিদেনপক্ষে
একাদশীর একফালি চাঁদ।
আমাকে কয়েক পশলা বৃষ্টি দেবে-
আমার কান্নাগুলো ধুয়ে নেব।
আমায় ছেঁড়া ছেঁড়া একটু রোদ্দুর এনে দিও,
আমার ভেজা স্বপ্নগুলো শুকিয়ে নেবো।
আমায় এক অরণ্য গাছ দেবে-,
যাতে সবুজ শ্বাস নিতে পারি।
কলকাতার জঙ্গলে সবই যে বারন্ত,
তাহলে আমায় এক মরুভূমির চোরাবালি দাও—
আমি ডুব দেবো ...
Comments (0)
No comments yet. Be the first to comment.