কলম তুমি কার?
কাগজ বলে, আমার ওপর দাগ কাটে,
তাই সে শুধুই আমার।
দৃঢ় কন্ঠে লেখক বলে
ভাবনা ছিল মনে যার,
এর দাবি যে কেবল তার।
মাঝখানে পড়ে কলম দুজনার
ভাবে....... এ কি ঝামেলা হল এবার?
বেশ তো ছিলাম এত বছর,
মাথা ঘষে কাগজের ওপর
নীরবে লিখে গেছি কত ভাষা!
তবুও কাগজ করেনি বিদ্রোহ,
লেখকের মেটেনি লেখার আশা।
তবে আজ অসময়ে কেন বিরতি,
কেন দুজনার এত বচসা?
প্রশ্ন হল মনে, সবার ভাগ্য লিখেও কি
নিজের বেলায় দিলাম ফাঁকি!
জানলাম না, কে আমার-কার আমি?
রহস্য, রহস্যেই থেকে গেল
জানালো না অন্তর্যামি।।
Comments (15)