সন্ধ্যা হলে সমূহ মনোবেদনা নিয়ে উড়ে
আসে একঝাঁক দুঃখবতী পাখি
বিষাদস্পষ্ট তোমার সফেদ মুখ,
তোমার রক্তে মিশে আছে অমৃতের মাদকতা।
কোনো এক দিন যদি অস্পষ্ট হয়ে উঠে
তোমার চাতক আঁখি;
বোঝা যাবে, এক পশলা বৃষ্টির পর যা
ছিল তা কেবল বিষণ্ণতা।
আদিম নির্জনতায় তোমার সাথে বাঁকা তরবারির
মতো রক্তিম চাঁদের হবে কথোপকথন,
তোমার সিথিঁ বেয়ে ঘাসের নিঃসঙ্গ কুসুমের
মতো বেরিয়ে যাওয়া পথের শেষে জনশূন্য শহর।
শহর থেকে উড়ে আসা প্রেমভ্রষ্ট
পলাতক ডাহুক ব্যঙ্গ করে বলবে –
মিথ্যে প্রেমের সূরা দিয়ে বাঁচিয়ে রাখতে
চেয়েছিলে কার জীবন?
আমাদের প্রেম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে
নষ্ট হতে নারাজ ছিল।
তুমি দাবি ছাড়াতে ফিরতে চাইবে ভ্রমর হয়ে!
অথচ না মানুষ ফেরত আসার
বিধান কোথাও লেখেনি নিখিল,
তোমাকে সুখ খুঁজে নিতে হবে নতুনের সংসারে;
আমাকে ফিরতে হবে পুরোনো পথে অদৃশ্যে
মিলিয়ে যাওয়ার আগে নাগরিক মিছিল।
Comments (0)
No comments yet. Be the first to comment.