নতুন গোধূলি ও রাত্রি আর তোমার দেহের তীব্র ঘ্রাণ
আমাকে মনে করিয়ে দেই কাফের দেশের শরাব।
খুব সূক্ষ্ম আওয়াজে সন্ধ্যার রক্তবর্ণ বাতাসে
ভেসে আসে আল্কোনোস্টের সুর,
তোমার নতুন বর্তমানের গায়ে লেগে আছে আমার
মাতাল, উন্মাদ, বোহেমিয়ান অতীত ভবিষ্যত।
আহা! সেই ঢের ভালোবাসা আজ দুষিত হয়ে গেছে
প্রণয়ের পচা গন্ধ সমস্ত শরীরে লেপ্টানো,
বিতৃষ্ণা – ঘৃণায় পাশের চেয়ার খালি পড়ে থাকে।
আহা! জীবনের সব মূলধন বিনিয়োগ করে
নিয়েছি মৃন্ময়ী অ্যাকুরিয়ামের বন্দি সনদ,
অবলুপ্ত মহাসর্গিক প্রেম আর কখনো ফিরবে না;
সব তোমার ধূসর অবিশ্বস্ত হাতের সাফাই।
অমন মিথ্যা প্রেম না দেখালে আরক্ত সন্ধ্যায়
নির্লিপ্তে চলে যেতাম চমৎকার আঁধার জগতে,
তোমার নেশা থেকে মুক্তি নিয়ে, গভীরতর অন্ধকারে
পৃথিবীর একনিষ্ঠ আদিম নেশায় মগ্ন হতাম।
তারপর এ জীবনে বয়ে যেত হরেক রকমের ঢেউ
আর দূর থেকে মুখ লুকিয়ে দেখত তোমার মতো কেউ॥
Comments (0)
No comments yet. Be the first to comment.