বাঙালিরা কি এক ধরনের হুজুগে জাতি? কে জানে সমাজবিদরাই ভালো বলতে পারবে। তবে অনেক সময় সত্য মিথ্যা মিলিয়ে যে একটা খিচুড়িঘাটা ইতিহাস বানিয়ে ফেলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল নয়।

এই যেমন ছোটবেলা থেকেই আমি বা আমার মতো আমজনতা শুনে এসেছি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর সে সময়ের আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পরবর্তীতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হওয়া হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল! কথাটা সত্য ঠিকই তবে এখানে একটা তেলেসমাতি প্যাঁচ আছে।

সেই প্যাঁচটা কি!

প্রথমে একটি কথা পরিষ্কার করে বলা প্রয়োজন, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমেরিকার হেনরি কিসিঞ্জার ও প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসন পাকিস্তানের পক্ষে ছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক ১০ দিন আগে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে 'ওয়াশিংটন স্পেশাল অ্যাকশন গ্রুপ'-এর একটি অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। হেনরি কিসিঞ্জার ছিলেন সেই বৈঠকের সভাপতি।

বৈঠকে দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশ, শরণার্থী, সম্ভাব্য মানবিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে বাংলাদেশে সম্ভাব্য দুর্ভিক্ষ ও অর্থনৈতিক বিপর্যয় এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার প্রসঙ্গ ওঠে। যুক্তরাষ্ট্রের অফিসিয়াল নথিপত্র (Foreign Relations of the United States, Volume XI) অনুসারে কথোপকথনটি ছিল ঠিক এইরকম:

ইউ অ্যালেক্সিস জনসন, যিনি ছিলেন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এই জনসন ভদ্দরলোক ওই বৈঠকে প্রথম আশঙ্কা প্রকাশ করে বলেন যে, আসন্ন পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ একটি আন্তর্জাতিক "বাস্কেট কেস" (Basket Case) বা বোঝাস্বরূপ হতে যাচ্ছে। হেনরি কিসিঞ্জার জনসনের এই মন্তব্যের জবাবে তাৎক্ষণিক উত্তর দেন
“But not necessarily our basket case” অর্থাৎ,
"কিন্তু সেটি আমাদের ঝুড়ি (বা আমাদের বোঝা) হতে হবে এমন কোনো কথা নেই"।

Basket case কথার মানে কি?

আমেরিকান ইংরেজিতে 'Basket Case' বলতে এমন কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে বোঝায় যা সম্পূর্ণ অচল এবং অন্যের সাহায্য ছাড়া নিজে চলতে পারে না।

আর Bottomless basket বা তলা বিহীন ঝুড়ি কথার মানে কি?

যত ঢালো, ততই যেন হারিয়ে যায়।

অর্থাৎ
Bottomless basket = যত ঢালো, ততই যেন হারিয়ে যায়।
Basket case = নিজে সামলাতে অক্ষম, বাইরের সাহায্য দরকার।

দুটি শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন।

প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে Basket Case বলেছে ইউ অ্যালেক্সিস জনসন নামের এই লোক। আর সভাপতি হিসেবে হেনরি কিসিঞ্জার তার এই কথার জবাবে মন্তব্য করেছিলেন। তাই সভাপতি হিসেবে কিসিঞ্জার এই কথার দায় এড়াতে পারেন না। কিন্তু নিজে বলা আর কথাটার জবাবে মন্তব্য করা কি এক কথা হলো!!

আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আরো পিকুলিয়ার। জনসন নামের এই লোক তো বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বা Bottomless basket কথাটা বলেই নাই। সে বলেছে Basket case!

ইতিহাসকে দেখতে হবে নির্মোহ বিশ্লেষণ থেকে। No biasedness. ইতিহাসের কোনো ব্যক্তিকে আপনার পছন্দ অপছন্দ হতেই পারে। তাই বলে তো ইতিহাস পাল্টে দেয়া যাবে না। বানিয়ে বেশিও লেখা যাবে না আবার ধামাচাপাও দেওয়া যাবে না। আমি আমার ব্যক্তিগত ইতিহাসে নিজেকে ভালো সাজানোর জন্য পাল্টে দিতে দিতে পারি, এতে কারো কিছু যাবে আসবে না। কিন্তু রাষ্ট্রীয় বা সামাজিক ইতিহাসে সেটাই বলতে হবে যেটা সত্য। নইলে আসল সত্যটা এক সময় না একসময় বের হবেই।

হেনরি কিসিঞ্জার ও নিক্সন প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে পাকিস্তানের পক্ষে ছিল এটা যেমন সত্য আবার এটাও সত্য উনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেননি। ইউ অ্যালেক্সিস জনসন বাংলাদেশকে বলেছিলেন “বাস্কেট কেস” আর কিসিঞ্জার মিয়া তার জবাবে বলেছিলেন, “But not necessarily our basket case.”

আর এই কথাটিই পরবর্তীতে ডালপালা মেলে কিভাবে এটা হল যে কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি এটা খোদাই ভালো জানে!

ইতিহাস ইতিহাসই। পছন্দ-অপছন্দ দিয়ে ইতিহাসকে নিজের মতো করে সাজালে সেটা আর ইতিহাস থাকে না।