পূর্ণজন্ম বলে কিছু নেই—
এই কথাটাই হয়তো আমার সবচেয়ে বড় আফসোস।
কারণ যদি সত্যিই আরেকটি জীবন থাকত,
তাহলে হয়তো সেই জীবনে
তোমাকে আবার খুঁজে পেতাম।
আবার নতুন করে পরিচয় হতো,
আবার তোমার হাত ধরে বলতে পারতাম—
এবার আর তোমাকে হারাতে চাই না।
কিন্তু পূর্ণজন্ম নেই।
তাই এই জীবনের পর
তুমি আর কোনোদিন আমার হবে না—
এই সত্যিটা মেনে নেওয়া বড় কঠিন।
কিছু অপূর্ণতা থাকে,
যেগুলো পৃথিবীর কোনো কিছু দিয়েই পূর্ণ করা যায় না।
তোমাকে না পাওয়ার এই আফসোসটাও তেমনই—
সময় হয়তো একদিন কষ্টটা কমিয়ে দেবে,
কিন্তু তোমাকে পাওয়ার যে ইচ্ছেটুকু ছিল,
সেটা বোধহয় কোনোদিন মুছে দিতে পারবে না।
যদি কোনোদিন,
নিঃশব্দ রাতের গভীর প্রহরে
হঠাৎ তোমার ঘুম ভেঙে যায়,
জানালার বাইরে থেকে
একটা উদাস বাতাস এসে
তোমার চুল ছুঁয়ে যায়—
তখন হয়তো হঠাৎ আমার কথা মনে পড়বে।
মনে পড়বে,
কোনো এক অচেনা, নীরব কোণে
একজন মানুষ ছিল,
যে তোমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবেসেছিল।
যে তোমার কাছে কিছু চায়নি,
শুধু চেয়েছিল—
তুমি ভালো থেকো।
আর শেষ আলোটুকু নিভে যাওয়ার আগ পর্যন্ত
নিঃশব্দে তোমার জন্য অপেক্ষা করেছিল।
সেই মুহূর্তে,
যখন পুরোনো স্মৃতিগুলো
এক এক করে এসে তোমার মনের দরজায় বসবে,
তখন হয়তো আমার কথাও মনে পড়বে।
আমি হয়তো তখন তোমার পাশে থাকব না,
তোমার হাত ধরে থাকব না,
তোমার চোখের দিকে তাকিয়ে
আমার ভালোবাসার কথা বলব না।
শুধু তোমার স্মৃতির ভেতর
একটা মৃদু হাসির মতো থেকে যাব—
অদৃশ্য, অথচ অনন্ত।
হয়তো তোমার জীবনে
আমার কোনো অধিকার থাকবে না,
কোনো পরিচয় থাকবে না,
তবুও তোমার হৃদয়ের
কোনো এক গোপন কোণে
আমি চিরকাল থেকে যাব।
একটা অসমাপ্ত গল্প হয়ে,
একটা অপূর্ণ ইচ্ছা হয়ে,
নিঃশব্দ এক স্মৃতি হয়ে—
তোমার অজান্তেই,
তোমার নীরব সঙ্গী হয়ে।

Comments (1)