প্রেমে তুমি স্বৈরশাসক,
আর আমি নিরীহ জনতা।

আমার হৃদয়ে তোমারই সংবিধান,
তোমার ইচ্ছেতেই জারি হয়
আমার হাসি-কান্নার আইন।
ভালোবাসার সংসদে
তুমিই সরকার,
তুমিই বিরোধী দল,
তুমিই বিচারক।
আমার কোনো অভিযোগের
শুনানি হয় না,
আমার কোনো অভিমানের
জামিন মেলে না।
ভয় পেয়ো না, প্রেমিকা—
তোমার বিরুদ্ধে
আমি গণঅভ্যুত্থানের ডাক দেব না।
কারণ বিপ্লব করতে গেলে
জনতাকে রাস্তায় নামতে হয়,
আর আমি তো তোমার প্রেমে
এখনও ঘরবন্দি।
তবে সাবধান—
স্বৈরশাসনেরও একদিন পতন হয়।
কখনো গুলিতে নয়,
কখনো মিছিলে নয়—
কখনো শুধু
একজন নিরীহ মানুষ
ভালোবাসা বন্ধ করে দেয়।
সেদিন কোনো রাজপথ কাঁপবে না,
কোনো স্লোগান উঠবে না।
শুধু তোমার সাম্রাজ্যের
সবচেয়ে বিশ্বস্ত প্রজাটি
চুপচাপ নাগরিকত্ব ফিরিয়ে দেবে।