অতিথি পাখি হয়ে এসেছিলে,
অতিথি হয়েই না হয় থাকতে,
পর হয়েও আপন সেজে
হৃদয়টা কেন শিখিয়ে দিলে হারাতে?
আমি তো তোমাকে আকাশ ভাবিনি,
চাইনি তোমার কাছে চিরস্থায়ী ঠিকানা,
শুধু চেয়েছিলাম একটু মায়া,
কিছু বিকেল আর গল্পের বাহানা।
তোমার চোখে স্বপ্ন এঁকেছিলাম,
তোমার হাসিতে খুঁজেছিলাম ঘর,
তুমি হয়তো সময় কাটাতে এসেছিলে,
আমি ভেবেছিলাম এটাই বুঝি জীবনভর।
কী অদ্ভুত তোমার চলে যাওয়া!
কোনো বিদায় নেই, কোনো অভিমান নেই,
শুধু একদিন বুঝিয়ে দিলে—
তোমার পৃথিবীতে আমার কোনো স্থান নেই।
অথচ তোমার জন্য কত রাত জেগেছি,
কত প্রার্থনায় তোমার নাম রেখেছি,
নিজের সমস্ত অভিমান ভুলে গিয়ে
তোমার সামান্য খোঁজে অপেক্ষা করেছি।
জানো, আজও তোমার প্রতি রাগ হয় না,
শুধু বুকের ভেতর কেমন শূন্যতা বাজে।
মাঝেমধ্যে খুব ইচ্ছে করে জানতে,
আমার কথা কি একবারও মনে পড়ে তোমার অবসরে?
তুমি চলে গেছ, অথচ মায়া যায়নি,
স্মৃতিরা আজও তোমার পথ চেয়ে রয়।
যে হৃদয় একদিন তোমাকে ঘর ভেবেছিল,
সে হৃদয় আজ নিজের কাছেই পরাজিত হয়।
অতিথি পাখি,
তোমাকে আটকে রাখার সাধ্য আমার ছিল না,
তবু একটা প্রশ্ন আজও হৃদয়ে কাঁদে—
যদি থাকার ইচ্ছেই তোমার না ছিল,
তবে এতটা আপন হওয়ার অভিনয় কেন করেছিলে?
আমি তো তোমার কাছে আকাশ চাইনি,
চাইনি চাঁদ কিংবা নক্ষত্রের আলো,
শুধু চেয়েছিলাম একটু আপন হতে—
একটু ভালোবাসতে, আর তোমার ভালোবাসায় থাকতে।

Comments (0)
No comments yet. Be the first to comment.