আজকাল শব্দের ভীষণ আকাল—
শব্দেরা নাইওর গেছে, সঙ্গে নিয়ে গেছে
ভাবনার সমস্ত উর্বরতা ও অনুষঙ্গ।
উপমার নিঃসঙ্গ উঠোনজুড়ে
বেজে চলে বাতাসের এক আদিম বিরহরাগ।
বেলাশেষের বিষণ্ন নীলিমা
ভেসে আসে আমার নোঙরছেঁড়া পালতোলা অস্তিত্বে।
শব্দশিল্পীর সাতপাকে বাঁধা অঙ্গীকার
ছিন্ন করে আজ পরকীয়ায় আসক্ত আমার লেখনী;
অক্ষরের দাম্পত্যে নেমেছে নৈঃশব্দ্যের মহামারি।
রাত্রির কৃষ্ণগহ্বরে কুয়াশার শিশির মেখে
আমার শব্দের সমস্ত স্থাপত্য
কর্পূরের মতো বিলীন হয়ে যায়
কোনো এক অনামা মেঘলোকের অতল গহ্বরে।
অথচ আমি—
বিষাদের ডাকঘরে এক নির্বাসিত ডাকপিয়ন,
বুকে পুষে রাখি অনূদিত না-হওয়া অনুভূতির সহস্র পাণ্ডুলিপি।
নিরন্তর ছুটে চলি দিগন্তের ওপারে,
কোনো এক অনাবিষ্কৃত উপমার অভিসারে—
যেখানে শব্দেরা পুনর্জন্ম নেবে,
ভাবনারা ফিরে পাবে তাদের হারানো মানচিত্র,
আর আমি খুঁজে পাব
আমারই ভেতরে নির্বাসিত হয়ে থাকা
সেই চিরকাঙ্ক্ষিত কাব্যকে।

Comments (1)