সংসার
তিন রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারী ওই ক্ষ্যাপা লোকটারও সংসার আছে,
আছে নিত্যনতুন খুনসুঁটি,
আছে প্রকৃতির সাথে পরকীয়া।
নিথর দোয়েলটারও হয়তোবা সংসার ছিল কোন একজনমে,
ইদানীং ভুলে যাওয়া বটবৃক্ষটাও প্রতিবছর ফলবতি হয়,
সংসার ছাড়া!
ময়দানে বক্তৃতা দেয়া বামনেতাও একসময় সংসারী ছিলেন।
মঞ্চ কাঁপান, রাজপথ কাঁপান
বিরোধীদের কাঁপান,
অজান্তেই কাঁপিয়ে তোলেন কোন এক নারীর মন কিংবা গোপন সুড়ঙ্গ!
অতি সংসারী হতে হতে একসময় বিচ্যুত হন,
রাজপথেই রাঙিয়ে তোলেন কোন এক বৈষ্ণবীর মন।
আশ্বিনের কুকুরের মত কারো যদি অতি সংসারী হতে ইচ্ছা হয় তবে ফি বছর অপেক্ষা কেন?
একটি রাতের জন্য হও প্রবর হও,
নয়তো মেনে নাও পরাভব।
Comments (6)