হারানো দিনগুলো ফিরে পেতে আজ খুব ইচ্ছে হচ্ছে। কারণ আজ আরেকটি বর্ষার ক্ষণ। প্রত্যেকটি বর্ষা এলেই বিশেষভাবে আমার এ ইচ্ছেটা জেগে উঠে। বৃষ্টি যেমন অঝোরে কেঁদে তার কষ্টের বানে সিক্ত করে প্রকৃতিকে, ঠিক আমারও তেমন করেই ইচ্ছে হয়। ইচ্ছে হয় নিজের ভেতর জমে থাকা কষ্টগুলো জড়ো করে বেদনার বৃষ্টি ঝরাই। কত মধুরতা ছিল, ছিল কত স্বপ্ন রাশি রাশি। অনেক উচ্ছলতায় ভরা ছিল আমাদের দুটি প্রাণ। খুব মনে পড়ে বছর কয়েক আগে, রিক্সায় করে ঘুরছিলাম দুজন। হঠাৎ ঝুম বৃষ্টি নামে। আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার দিকে। কারণ বারিধারা তোমাকে এতটাই ভিজিয়ে দিয়েছিল, মুছে দিয়েছিল তোমার কপালের কাল টিপ, ঠোঁটের হাল্কা গোলাপী লিপস্টিক ও ছাড় পায়নি। কেন জানি, ঐদিন আমার খুব ভয় হয়েছিল। আমার মনে কেন জানি তোমার বিদায়ের আভাস পেয়েছিলাম।
সেই একটু খানি বৃষ্টির পানিই তোমার জীবন প্রদীপ নিভিয়ে দেবে, ভাবলেই আমার বুকফাটা আর্তনাদ শুরু হয়। আরো কত বড় সমস্যা নিয়ে মানুষ বেঁচে আছে পৃথিবীতে। পারলেনা সামান্য একটু নিউমোনিয়াকে কাটিয়ে উঠতে? চলে গিয়ে হয়তো ভালোই করেছ। তুমি চলে যাওয়ার পর থেকে বৃষ্টি আমাকে যেমন ভেজায়, আমিও বৃষ্টিকে ভিজিয়ে দেই আমার হৃদয়ে জমে থাকা কষ্টের বানে। আজ তুমি নেই, কিন্তু বৃষ্টি আছে, আমিও আছি। সেই বৃষ্টিতে আমি আজও ভিজে বেড়াই, আর রিক্সায় আমার পাশে খালি জায়গাটুকু দেখে ডুকরে কাঁদি। অপেক্ষা কর, আমিও আসছি তোমার কাছাকাছি .....
Comments (9)