এক রুপালী আলো দেখে ধূমকেতু ভেবে ভুল করেছি
ইন্দ্রমেঘ গুলোর ফাঁকে কোন বর্ষার মেঘ দেখে
আমি শিশির ভেজা ঘাস ভেবে ভুল করেছি।
সন্ধ্যার একটু পরেই বাদল-হাওয়ায় তোমার উড়ন্ত চুল দেখে
আমি আশ্বিনী মেঘ ভেবে ভুল করেছি।
নিরবধি কাল ধরে আমি শুধু ভুল করেই আসছি;
দৃষ্টি-অনুভূতি হারিয়ে যাচ্ছে ভুলের বশে।
আবার যখন কাঁপা কাঁপা হাত তোমার লাজুক অধর স্পর্শ করে
তুমি কিছুটা হেয়ালি ভঙ্গীতে বলে ওঠো--
বৃষ্টি নামাও,
আমি ভুল করে চাঁদের আলো স্পর্শ করে ফেলি
হিমালয়ের তুষের মত দেয়াল জুড়ে
তোমায় নিয়ে বাধাহীন পথ চলতে তখন আর একটু ও দ্বিধা হয়না ।
তুমি শুধু আবার কোন এক ভোরে পাখি হয়ে যাও
তোমার সোনালি ডানায় আগুন লাগা রোদে
পুড়ে পুড়ে আমি নিঃশেষ হয়ে যাই--
তুমি শীতের পাখি না হও,বরং উদাসি চোখের পাখি হয়ে যাও
সোনালি আগুনের মত তোমার আলোয় না হয় আবার আরেকটি ভোর দেখি।