আমার কথা আমিই জানিনা
তোমাকে বলবো কেমন করে ,
তুমিও কি জানো তোমার সব
কতটা আছে তোমার অন্তরে ।
কথা ঘুরেফিরে তোমার আমার
হয়তো বা একা , একা হারিয়ে ,
অনুভূতির আঁচড়েই দরজা
থাকে জানলায় মুখ বাড়িয়ে ।
নিজেরই ঠিকঠাক জানাশোনায়
কত কি যে থেকে যায় বাকি ,
আমি তুমি শুধু ভেতরে বাইরে
থেকে যায় অনেকটাই ফাঁকি ।
যেটুকু হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ে
তাও তো না-বলা অনুরণন
পথিকের পথ অজানা চলা
তুমি আমি’র আংশিক কথন ।
সম্পূর্নের বিভাজন হয়তো তাই
আজও চলে রেখায় রেখায়
এ খোঁজে এটা আর ও খোঁজে ওটা
অবস্থান অসমান থেকে যায় ।
এবার আর তুমি নয় আমিও নয়
অন্য কোন হয়তো বা অন্য কেউ
শান্তির অসম লোভ আমাদের
জাগিয়ে রাখে ওই দূরের ঢেউ ।।
Comments (12)