~পুতুল~
~দীপঙ্কর ঘোষ~
গর্ব করে রাজা বলে দেখুন, কি সুন্দর চালাচ্ছি দেশ
আমার সবাই বোকার হদ্দ, মাথা নেড়ে বলি বেশ,বেশ!
তবুও যদি কখনো-সখনো জেগে ওঠে বিবেকবোধ
পাছে রাজা চটে যান, গলা টিপে ধরি খোদ।
আমরা কবে মানুষ ছিলাম গেছি যে ভুলে!
তেল মারাটাই অভ্যাস এখন তেল মাথার চুলে!
রক্ত আছে, মাংস আছে তবুও হয়ে আছি কাঠ পুতুল,
সমানে মাথা নাড়ি, ভাবি না কখনো ঠিক না ভুল।
রাজা আছেন রাজার হালে, প্রজা যায় যাক চুলোয়,
রাজার বুদ্ধির প্যাঁচ বোঝা কি এই গাধা জনতার মাথায় কুলোয়!
সংবিধান আছে একটা, লেখা তাতে জন-গণতন্ত্র
আসলে এই দেশে ক্ষমতা দখলে অস্ত্রই এখন মন্ত্র।
রাজা দেন বরাভয়, ভয় নেই আসছে, আসবেই সুসময়
আমজনতা শুনে তাই খুশি মনে নিশ্চিন্তে ঘুমোয়।
এদিকে চোর ডাকাত মাফিয়ায় ভরে যায় দেশ
আমরা শালা বোকার হদ্দ,বলি বেশ,বেশ।
১৬-০৫-২০১৮ বিধাননগর
Comments (3)