প্রতিদিন সকালে -
বিছানা ছেড়ে দরজা খুলে বেরোলেই
নিজের ছায়া বাদে
আরেকটা ছায়া এসে দাঁড়াতো ঘনিষ্ঠভাবে
তারপর দিনমান ঘুরতো সাথে সাথে।
প্রথম প্রথম ভয় পেলেও
ক্রমে ক্রমে অন্যরকম একটা সখ্যতা গড়ে উঠলো
যেমতি - আমার চলাই ওর
ওর বসা আমার।
বেশ চলছিলো!
হঠাৎ একদিন -
আমি বেরোলাম ঠিকই কিন্তু ও এলো না
অনেকক্ষণ বাদেও না
এলোই না!
কষ্টের তীব্রতা সইতে না পেরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম
যে করেই হোক বের করতেই হবে ওকে খুঁজে।
বনানী নদী প্রান্তর পর্বত পেরিয়ে
সেদিন এক অন্তরীপে পৌঁছে দেখি -
ও বসে আছে চুপচাপ।
খুব রাগ হলো
খুবই!
বকাঝকা করতে লাগলাম অবশেষে
আর তখন -
আমার ছায়াটাও আমাকে ফেলে
ওর হাত ধরে হেঁটে চললো অস্তাচল বরাবর,
বাকহীনে যা দেখা ছাড়া করার কিছুই থাকলো না।
ঘটনাটি -
নিদ্রার ঘোরে দেখা এক স্বপ্নের বর্ণনা!!

Comments (0)
Only registered members can comment. Log in
No comments yet. Be the first to comment.