একাদশ শ্রেণি পেরোনোর পর থেকেই
চাঁদ দেখার অভ্যেস সুমনের।
প্রায়শ একাকী জেগে..........
আর তার সাথে
অর্থাৎ নিজের সাথেই নিজে গল্প করতো -
কিরে! মিটিমিটি হাসি সুন্দর ছিলো না?
এমতো পুষ্প না কুড়ালে
জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়!
তুই যেটাই বলিস না কেন
পঞ্চমীর এই ভঙ্গিটা কিন্তু যথেষ্ট অভিমানী!
আরও কতো..........

দিনে দিনে
পদার্পণ করলো যেদিন সংসারী জীবনে,
ওর চারপাশটা হয়ে উঠলো
অন্যরকম এক পৃথিবী
ভীষণ অন্যরকম,
যেখানে সুখ ছিলো শান্তি ছিলো দায়িত্ববোধ.....
শুধু ছিলো না জ্যোৎস্নার পদচারণা।
দু' একদিন রজনীতে কটাল ডাকলেও
ফিরিয়ে নিয়েছে ও' দৃষ্টি।

বয়োঃবৃদ্ধতে এসে
হঠাৎ সেদিন মনে পড়লে চাঁদটাকে -
সেই পূর্বের মতোন করে,
স্থির থাকতে পারেনি আর ক্ষণিক সুমন,
মৃদু মন্দ পায়ে নির্জন ছাদে উঠে
সানন্দে তাকায় ঊর্ধ্বপানে, অপলকে।
এমনিভাবে পূর্বভাগ নিশুতি পেরিয়ে
তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠলে সুবেহ-সাদিক
ও' ভাবে -
বয়ন চয়ন মোচন সবই তো হলো
ভ্রমণও হলো
শুধু বলে যেতে পারলাম না তাকে
অদ্যকার এই অস্তগামী চাঁদের উপাখ্যান!