দৃষ্টিভ্রম
======================@@@
অনেক অব্দ আগের কথা
দেখেই তারে আম বাগানে,
বলবো ভাবি বিশেষ কিছু
টুনির মতো চুপটি কানে।
পাই কি ভাষা! ভাল্লাগে না
দৃষ্টি গেলো মেঘের খাঁজে,
দল হারা এক ধবল বগি
উড়ছে তখন খোশ মেজাজে।
এই পেয়েছি ‘পরীর মতো
অক্ষি দু’টি পটল চেরা’,
ও রে বাবা! করলে সে রাগ
হবেই কঠিন সন্ধ্যে ফেরা।
আচ্ছা যদি ছন্দে মেলি
’প্রেমের দেবী আফ্রোদিতি’!
আবার ভাবি মান পাবে না
কক্ষনো ছাই গোমড়া স্মৃতি!
বলেই ফেলি তারচে’ ’ও সই’
হোক অবজ্ঞা তীক্ষ্ণ কাঁচি,
হায় পোড়া মন হঠাৎ দেখি
ঘুরছে তো ওর আরশি চাচী!
Comments (4)
Only registered members can comment. Log in