ক্ষমতা পেয়ে অল্প দিনে বাড়ালে সব দাম,
মানুষ কেবল সস্তা রইল— রক্ত-মাংস-চাম!
কাঁচাবাজার, মুদিবাজার, শিক্ষা-চিকিৎসায়,
পোশাক থেকে নিত্যপণ্যে আগুন জ্বলে যায়! আমলাদেরও মজুরি বাড়ে, বাড়ে ঘরের সুখ—
আমার ঘামে রাজার প্রাসাদ, আমার শূন্য মুখ!
রক্ত চুষে রাজকোষের ভরছো সোনার থালা,
যে নিয়মে ভরেছিল- মানবতার খালা....!
কর না দিলে চামড়া নাও, হাড়গুলোও নাও,
জেলে ভরো, আরোপ করো- যেখানে যা পাও।
দিনদুপুরে জীবন থামে রাজপথে দল-খুনি,
কেমন নীতি রাষ্ট্র তোমার বলো তো একটু শুনি? সন্ত্রাসীদের দাপট বাড়াও, লাশের বাড়াও সারি, রোগ-বালাইয়ের নেই দমন তো হাসে মহামারি!
যাহার হাতে আজ স্বরাষ্ট্রভার, তাহারই শূন্য থলি,
জেল হবে হোক- কলমে তবু উচিত কথা বলি।
রাষ্ট্রপোষা কুকুরগুলো আমার স্বদেশটাকে খায়,
পোষা শেয়াল, পাতি বেজি রক্ত মাখে গায়!
আর কতকাল রক্ত দিয়ে সাজাবে সিংহাসন?
আর কতকাল নীরব রবে মজলুম জনতার মন?
ক্ষুধার আগুন দাবানল হলে রাজপ্রাসাদও জ্বলে, থরোথরো কাঁপে বঞ্চিতদের রুদ্রকন্ঠ বলে!
চলো, যুবারা— করব না ভয়, মানব না অবিচার,
জনতার রোষে ভাঙুক আবার উদ্ধতাহংকার!
নভেম্বর ১০, ২০২৬ খ্রী।
টঙ্কাবতী, বান্দরবান।

Comments (0)
No comments yet. Be the first to comment.