আকাশ ভরা মেঘ
মেঘ ভরা বৃষ্টি,
বৃষ্টি ফোঁটায় উর্বরতা
সবুজ বনের সৃষ্টি।

নদীর বুকে স্রোত
সৃষ্টি করে জল,
ঝর্ণা বুকে আগলে রেখে
পাহাড় নামায় ঢল।

পূর্ণিমা দেয় চাঁদ
ভরা সূর্যের আলো,
নিয়ম মেনে ঠিকই আসে
আমাবশ্যার কালো।

পৃথিবী ঘোরে বলে
সৃষ্টি হল স্রোত,
জীবন চলার পথকে করে
মৃত্যু প্রতিরোধ।

দেহ ভরা ক্লান্তি
ক্লান্তির জন্য আরাম,
ব্যথায় কঠিন, কঠিন আবার
ব্যথার ঠ্যালায় নরম।

রাত্রি আঁধার বলে
দিনে সূর্যের হাসি,
আদর সোহাগ ভালোবাসা
হৃদয়ের দাস-দাসী।

পুণ্যে ভরা মন
মনেই ভরা পাপ,
স্বার্থ রক্ষা করতে গিয়ে
জোটে অভিশাপ।

নয়ন ভরা ঘুম
ঘুমে ভরা স্বপ্ন
স্বপ্ন জুড়ে মনের মানুষ
অমূল্য এক রত্ন।

বুকটা জুড়ে হৃদয়
হৃদয় জুড়ে আশা,
জন্ম সত্য মৃত্যু সত্য
সত্য ভালোবাসা।