আজকে হঠাৎ তোমার কথা
পড়ছে ভারী মনে,
কোথায় আছো কেমন আছো
কার কাছে কে জানে।
বারান্দাতে ঝুলে থাকা
খাঁচার ময়না পাখী,
নিত্য তোমার মধুর নামে
করে ডাকাডাকি।
আমার হাতে খায়না খাবার
পোশা কবুতর,
বিড়ালটা যে কোথায় গেছে
খোঁজ পাইনি আর।
টবে থাকা ফুল গাছটা
একুইরিয়ামের লাল মাছটা-
কিংবা পুরো ঘর,
যেন ঈর্ষার চোখে তাকায়-
দিতে চায় না একটু সময়,
ময়নাটাও কয়না কথা
হয়েছে সবাই পর।
সব মিলিয়ে নিঃস্ব একা-
এভাবে আর যায়না থাকা,
প্রায়শ্চিত্ত করতে চাই আজ
একটা সুযোগ দাও।
কথা দিচ্ছি ভুল হবে না
কোন দুঃখ আর দেব না-
নিজের ঘরে ফিরে এসো
সবার সাথে আবার হাসো,
এ সংসারের সুখের চাবি
আবার হাতে নাও।
Comments (1)