আমাদের এদিকে এতটাই ঠাণ্ডা পড়ে যে
কলমও লেপের ভেতর সেঁধিয়ে যায়
লেখা হয় না কিছুই
আমি এই ঠাণ্ডা হাত
কবিতার দিকে বাড়িয়ে দিতে পারি না
তাকে তো উষ্ণ অভিনন্দন জানিয়ে এসেছি চিরটাকাল
আর কলম বন্ধ বলে
আলপনাও আঁকতে পারছি না
শুধু লক্ষ্মী নয়,সরস্বতীকেও আলপনা দিয়ে
স্বাগত জানাতে হয়
এই ঠাণ্ডায় কলম হাত সবই জবুথবু
শীতকাল কবে ফুরোবে সরস্বতী?