জানো, আজ তোমাকে স্বপ্নে দেখেছি
ঠিক যেন কোনো অচেনা শহরের
চেনা এক বিকেল ছিল সে।
তোমাকে নিয়ে বেরিয়েছিলাম কোথাও,
গন্তব্যটা মনে নেই,
শুধু মনে আছে
একটা রিকশায় পাশাপাশি বসে
আমরা দুজন যাচ্ছিলাম।
হাওয়ারা চুপিচুপি ছুঁয়ে যাচ্ছিল তোমার চুল,
আর তুমি খুব আলতো করে
মাথাটা রেখেছিলে আমার কাঁধে।
সেই মুহূর্তে পৃথিবীটা যেন
হঠাৎ থেমে গিয়েছিল।
আমি কিছু বলিনি,
শুধু পরম মমতায়
তোমার মুখের দিকে তাকিয়ে ছিলাম
যেন চোখের পলক ফেললেই
এই মুহূর্তটুকু হারিয়ে যাবে।
হঠাৎ তুমি মাথাটা তুলে
আমার চোখের দিকে তাকালে।
কী ছিল সেই চোখের ভাষায়, জানি না
শুধু কোনো কিছু না ভেবেই
তোমার কপালে এঁকে দিলাম
একটি উষ্ণ চুম্বন।
তারপর?
তারপর স্বপ্নটা আরও দূরে চলে গেছে…
অনেকটা সময় কেটে গেছে হয়তো,
কিন্তু তার পরের গল্পটা
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে
কোথায় যেন হারিয়ে গেল।
অনেক চেষ্টা করেছি মনে করতে,
একটার পর একটা দৃশ্য
মনের দরজায় কড়া নেড়েছি
কিছুই আর ফিরে আসেনি।
শুধু রয়ে গেছে
তোমার মাথাটা আমার কাঁধে,
তোমার চোখের সেই নীরব চাহনি,
আর কপালে রেখে যাওয়া
সেই একটিমাত্র চুমুর উষ্ণতা।
আমি জানি,
বাস্তবের পৃথিবীতে
হয়তো এমন কোনো দিন
কখনোই আসবে না।
হয়তো আমাদের গল্পের
কোনো বাস্তব অধ্যায় নেই।
তাই বুঝি উপরওয়ালা
আমার মনের গোপন ইচ্ছেটুকু জেনে
স্বপ্নের ভেতরেই
তোমাকে একটু ভালোবাসার
অনুমতি দিয়েছিলেন।
বাস্তবে তোমাকে না পেলেও
আজ অন্তত স্বপ্নে
তুমি ছিলে আমার পাশে।
আর জানো,
কখনো কখনো
একটি অসম্ভব ভালোবাসার জন্য
একটি ছোট্ট স্বপ্নই
বেঁচে থাকার মতো সুন্দর হয়ে ওঠে।

Comments (0)
No comments yet. Be the first to comment.