মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক, দুই, তিন ...
কিংবা তিন, ছয়, নয় ...
কখনও গাণিতিক, কখনও জ্যামিতিক
কখনও জোড়, কখনওবা বিজোড়!
মৃত্যু সে তো নামতা পাঠের আসর।
মৃত্যু সে তো একটি গণনামাত্র – এক, দুই, তিন ...
দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
মৃত্যুর গণনা আজ ওজনদারের হাঁকে
প্রতি পাল্লার ফাঁকে ফাঁকে
একে এক...দুইয়ে দুই... তিনে তিন...
সে তো দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
পেঁয়াজের কেজি, আটার কেজি, আলুর কেজি
দেখছি, শুনছি, গুণছি রোজই
মৃত্যুর সংখ্যাটা যে আজ তেমনই!
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক হালি...দুই হালি...তিন হালি
হয়ত দেখবো, শুনবো, গুণবো কালই!
গুণছিইতো কমলার হালি, কলার হালি, লেবুর হালি...
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক ডজন ...এক কুড়ি... তিন কুড়ি
হয়তো নয়কো দেরী
লিচু যে এসেছে ধরায় ফিরি।
Comments (5)