ছোটবেলার ইচ্ছের ঝুঁড়ি
-- আহসান জামান

ছোটবেলার ইচ্ছের ঝুঁড়িতে খুব যত্ন করে রাখতাম না-পারা আর না-পাওয়ার ফর্দ্দ।

কখনও মন খারাপের বিকেল বেলায় ঢেলে সাজাতাম ইচ্ছে মতো আর কষ্ট ক্লান্তি নিয়ে ডুবে যেতাম স্বপ্নতুর দুচোখে। মনে হতো, আর একটু হেঁটে গিয়ে ছুঁয়ে আসি দিগন্তরেখা; যেখানে আকাশ আর মাটি মিশে একাকার; সেই দিগন্তরেখার সাথে লেপ্টে থাকা গ্রামটি, আমার স্বপ্ন ছুঁয়ে রোজ ঘুমিয়ে পড়ত, আমার সাথে। একদা মনে হতো, আমরাও দুলে উঠছি অই সবুজ ধানক্ষেতের দামাল হাওয়ার ঢেউয়ে।

আমাদের শান বাঁধনো পুকুরঘাটে বেলেমাছেরা যখন মাটি কামড়ে লেজ দুলাতো, আমার স্থির চোখের কোনে কি যে আকুতি জড়িয়ে থাকতো স্তব্ধ দুপুরবেলায়; আমি তার অনুভূতি কুঁড়িয়ে রেখে দিতাম ইচ্ছের ঝুঁড়িতে; যদি কোনো সন্ধ্যায় হাত ডুবিয়ে মাছ ধরার মতো অলৌকিক কিছু ঘটে যায়।

ইচ্ছের ঝুঁড়িতে সেই হলুদ জামাটা আজকাল দেখি, বোতাম বিহীন; তেপান্তরের মাঠের বিস্তর শূন্যতা হু হু করে ডুবে যায় সেই অন্ধকারে; ছোটবেলার ইচ্ছের ঝুঁড়ি।