ফুটপাতে বাহাদুরী
একটা বিষয় নিয়ে কদিন যাবত লিখবো লিখবো করে ভেবে পাচ্ছিনা কীভাবে শুরু করা যায়। ঢাকা শহরের পায়ে হাঁটা মানুষগুলো প্রতিনিয়তই মুখোমুখি হচ্ছে বিষয়টার। অফিস যাচ্ছেন, কিছু একটা হয়তো ভাবছেন কিংবা জ্যামে আটকা পড়ে গাড়ি ছেড়ে তড়িঘড়ি করে পায়ে হাঁটা শুরু করেছেন ঠিক সময়ে অফিসে পৌঁছবার জন্য। হঠাৎ পিছনে বেজে উঠল মটর সাইকেলের এমারজেন্সি হর্ণ। ফুটপথ দিয়ে হাঁটছেন। আপনি বৈধ। অথচ যিনি মটরসাইকেল অলা। সম্পূর্ণ অবৈধ হওয়া সত্ত্বেও তাকেই সাইড দিতে হচ্ছে আপনাকে। বিষয়টা যেন স্বাভাবিক হয়ে গেছে সাইকেল অলার কাছে। তিনি যে পথ দিয়ে যাচ্ছেন, সে পথ কিন্তু তার জন্য নয়। করছেন ভুল অথচ তা বীরদর্পে। সত্যিই অবাক লাগে ফুটপাতে বাহাদুরী দেখে। আমরা শহুরে নাগরিক যেন লজ্জা-শরমের মাথা খেয়ে বসে আছি। আর এগুলো দেখার দায়িত্বে যারা রয়েছেন তাদের কথা কী আর বলবো! উপায়টা পথচারীকেই খুঁজে বের করতে হবে। আমাদের দেশে কোনো কিছুই খুব সহজে পাবেন এটা আশা করা ভুল। তবে বাঙালি জাতীর আদায় করার ইতিহাস রয়েছে। আরা যারা মটর সাইকেল ফুটপথে তুলে দিয়ে আগে যাবার পায়তারা করছেন। একবার ভেবে দেখুন, জ্যাম কিংবা সিগন্যাল ছেড়ে দিলে আপনার তো উপায় আছে এক টান দিয়ে গন্তব্যে পৌঁছার। কিন্তু যারা পায়ে হাঁটছেন। যাদের এ ছাড়া আর কোনো উপায় নেই। তারা কী করবেন?
Comments (11)