গবু অত্র রসুলপুর গ্রামের একমাত্র বিএ পাশ ছেলে। গত এগারো বছরেও রসুলপুরের কেউ তার রেকর্ড ভাঙ্গতে পারেনি। বাপের বিষয়-সম্পত্তির হিসাব-নিকাশ নাই। সে তাঁর একমাত্র পুত্র। কোন কাজকাম করেন না- গ্রামের চৌরাস্তার মোড়ে বাদলের চায়ের দোকানে বসে গ্রামের মানুষকে নিজ-খরচায় চা-বিস্কুট খাওয়ান আর জ্ঞানের কথা শোনান।
আজ একজন চায়ের কাপে বিস্কুট ভিজিয়ে খেতে খেতে গবুর কাছে জানতে চাইলেন-

- ভোট আসতে আর কতো দেরি ভাইজান?
-ভোট? মানে নির্বাচন! শোন-এই বিষয়টা মনে রাখবা-

‘‘যখন এলাকার সুপরিচিত কোন ভদ্রলোক হঠাৎ করে তোমাকে সম্মান করা শুরু করবেন, আসতে-যেতে সালাম দিবেন খোঁজ-খবর নিবেন, তখন বুঝবে- সামনে স্থানীয় নির্বাচন আর তিনি একজন মেম্বার অথবা চেয়ারম্যান প্রার্থী!

আর যখন অপরিচিত কোন ভদ্রলোককে দেখবে- দামী গাড়িতে চড়ে- ধুলো না উড়িয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দু’পাশের সবাইকে হাত নাড়াবেন এমন কি গাছপালা গরু-ছাগলকেও সালাম দিবেন তখন বুঝতে হবে সামনে সংসদ নির্বাচন এবং তিনি অত্র আসন থেকে কোন দলের হয়ে নির্বাচন করবেন। ক্লিয়ার?
-জি ভাইজান ক্লিয়ার!