কাছে ছিলে যখন, বুঝতে পারিনি তুমি কতটা আমার ছিলে,
আজ দূরে আছো বলে বুঝি কতটা তুমি আমার নও!
তোমার ছোট ছোট চাওয়া ছিল আমার কাছে গুরুত্বহীন!
তাতে তোমার কোন রাগ ছিলনা,
কোন অভিমান ছিলনা, ছিলনা কোন অভিযোগ!
মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম
-'তোমার রাগ হয়না? '
তুমি একগাল হেসে বলতে
-'রাগ হবে কেন? আমি তো তুমিই, নিজের উপর নিজের রাগ করতে নেই।'
তখনও বুঝিনি কতটা তুমি আমার ছিলে!
জ্যোৎস্নায় ভিজতে রাতে ছাদে যাওয়ার বাহানা,
কতবার বিরস মুখে না করে দিয়েছি তার হিসাব নেই।
এখন আমি একাই জ্যোৎস্নায় ভিজি, স্নান করি
মন চাইলে ভাসি, মন চাইলে ডুবি!
জ্যোৎস্নায় ভিজতে ভিজতে ভাবি কতটা তুমি আমার ছিলে।
তোমার বারবার চিরকুটে লেখা ভালোবাসার কথা,
উত্তর যে দিতে হবে সেটা ধারণাও ছিলনা।
আমি তো ঠাট্টার ছলে নিতাম শুধু!
তুমি হয়তো ভিতরে ভিতরে কষ্টই পেতে!
তাও বুঝতে পারিনি আমি!
এখন তোমার প্রতিটা চিরকুটের উত্তর
আমি প্রতিদিন লিখি, লিখি আমার দিলে,
এখন বুঝি কতটা তুমি আমার ছিলে!
১১ মে ২০২০
দলুইপুর
Comments (6)