পৃথিবীর সব চিৎকার চাপা পড়ে যায় সুরেলা গানের নিচে
মাঝে মাঝে উলঙ্গ হয়ে দেখি
পৃথিবীর আব্রু ছিল না কখনো
আমারাই কেবল লজ্জার নাম করে
কাপড় জড়িয়ে উলঙ্গ আর আব্রুর
পার্থক্য রচনা করেছি।
পাপ আর পূন্যের বিভেদ টানতে গিয়ে দেখি
খানিক আগেই তারা পাশাপাশি হেঁটে
বিদায় নিয়ে দুদিকে চলে গেছে
মানুষের ভেতরে পাপের দুঃখ
আর পূন্যের সুখ
তফাৎ থেকে দেখলে দুটোই উচ্ছিষ্ট
মানুষ, মানুষ হতে ভুলে গেছে।
পাঁচিলের ওপারে যে বাড়ি
তাতে আহাজারি চলে
আমি ঘরের ভেতর বসে
গান শোনার ঢঙে আহাজারি শুনি.
আর মনে মনে উৎফুল্ল হই।
আমি তাতে সুর আর তাল দেই
দেখি বেশ রাবীন্দ্রিক ঢঙে
আহাজারি গান হলে–
একটু আগে যারা আহাজারি আর
চিৎকার শুনে আফসোস করছিল,
তারাও মজে গিয়ে তাল দেয়, সুর ভাঁজে
আর পৃথিবীর সব চিৎকার চাপা পড়ে যায়
সুরেলা গানের নিচে।
মন্তব্য (4)