মনটা তোমার
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি দাও উড়িয়ে
দূর সে কোনো তেপান্তরে,
তাইলে তোমার সূক্ষ্ণচিন্তা
জন্ম নিবে মনভিতরে?
মনটা তোমার একটু বাঁধো
একটু খোলো আদর-মেখে,
এই জীবনে অনেককিছু
রাখবে তুমি একটু ঢেকে।
সব কথা কি যায় রে বলা
সবসময়ে সবার কাছে?
মারেফতের নিয়মকানুন
তোমার কি ভাই জানা আছে?
আল্লাহপ্রভু জাহের সদাই
আবার তিনি একটু বাতেন!
প্রশ্ন তোমার জাগে মনে
কেন তিনি গোপন থাকেন?
নিজকে তুমি সবার সামনে
করবে নাকো খোলামেলা,
নইলে তুমি এই জীবনে
খেলবে কেমনে ভাবের খেলা!
মনটা তোমার চাইবে যা-তা
তাই কি তোমার দিতে হবে?
আত্মশাসন জারী করো
শুদ্ধাচারে এসো সবে।
সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০২০
মন্তব্য (7)