উল্টাপাল্টা—৮
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়েছো খুব করেছো
জমবে তোমার টাকা,
কদিন পরেই তোমার নামে
বুকিং দিবে ঢাকা!
টাকার নামে অনেকেই যে
ঘুরছে কাছা খুলে,
তাদের তুমি ভালোবেসে
বুকে নিবে তুলে!
তোমার হবে নতুন ব্যবসায়
গাড়ি-বাড়ি-দল,
নানান জাতের শয়তানেরা
বাড়ায় দিবে বল!
ভয় কী তোমার? টাকার জোরে
পাপ হবে না কোনো,
তুমি হবে বিরাট হাজি
গুণের কথা শোনো!
সত্যকথা বলবে নাকো
সত্য তোমার পর,
মিথ্যা বলে ব্যবসা তোমার
নাই যে কোনো ডর!
ঘুষ খেয়েছো বেশ করেছো
খাও না আরও জোরে,
সবই তোমার হালাল হবে
ধার্মিক হবে ভোরে!
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২০
মন্তব্য (5)