আবার চেষ্টা করো
সাইয়িদ রফিকুল হক

ছোট মনগুলো আছড়ে পড়ছে
পাহাড়ের মতো বিশাল চিন্তার পাদদেশে,
কখনো এদের চড়া হবে নাকো পাহাড়ের শীর্ষে,
এরা চিরকাল পড়েই থাকবে শুধু পাদদেশে!
এদের মুখেই তবুও শুনবে বিশ্বজয়ের গল্প!
এদের মুরোদ হবে না কখনো পাহাড়ের শীর্ষে ওঠার
তবুও শুনবে এদের মুখেই মহাজ্ঞানীর ভাষণ।

ছোট মনগুলো কুঁচকে রয়েছে জ্ঞান-বিশালত্ব দেখে,
ঠাঁই হয় নাই এদের কখনো জ্ঞানের সাম্রাজ্যে,
এরা শুধু জানে পাদদেশে পড়ে খুব পিষ্ট হয়ে
মহাজ্ঞান থেকে দূরে সরে গিয়ে মূর্খতার প্রচার করতে।
একবার তুমি পাহাড়েই ওঠো, ঘুচে যাবে তোমার মূর্খতা,
আর কতকাল পড়ে থাকবে এভাবে অজ্ঞানে, খুব অন্ধকারে!
জ্ঞান-পাহাড়ের ত্রিসীমার বাইরে?
ফিরে এসো আজ, হে অর্বাচীন, মানুষ হওয়ার চেষ্টা করো আবার।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৩/২০২০