মিছিলে একদিন
সাইয়িদ রফিকুল হক

মিছিলে একদিন তোমার সঙ্গে হয়েছিল প্রথম পরিচয়,
আমরা দুইজন কতদিন একত্রে মিছিল করেছি নিয়মিত,

তুমি খুব সশব্দে মিছিলে শ্লোগান তুলতে পারতে,
তোমার জাদুকণ্ঠে জমে উঠতো আমাদের মিছিল!
মেয়েলি কণ্ঠ বলে তোমাকে কখনো সাধারণ মনে হয়নি,
অনেকের চাইতে তুমি আরও বেশি ভালো করতে।

মিছিলের পরিচয় ডিঙ্গিয়ে আমরা খুব ঘনিষ্ঠ হয়েছিলাম,
আর অনেক বেশি আপন ভেবেছিলাম সেই তোমাকে।
তাই মিছিল-শেষে আমাদের একান্ত আড্ডা হতো।
একদিন মিছিল আমাদের খুব ঘনিষ্ঠ করে তুলেছিল।

আমরা একসঙ্গে একই লক্ষ্যে কত শ্লোগান দিয়েছি,
আমাদেরই কণ্ঠে ধ্বনিত হয়েছে দেশের প্রতিবাদ।
হাসিমুখে আমরা বীরদর্পে হেঁটেছি কত শত পথ!
প্রতিবাদের ভাষায় শ্লোগান দিয়েছি দেশের পক্ষে।

আজো আছে মিছিল, আমাদের সেই স্বপ্নের মিছিল,
শুধু তুমি সুলেখা, নিয়মভেঙ্গে চলে গেছো অন্য মিছিলে!


সাইয়িদ রফিকুল হক
২৯/০৩/২০১৯