ফুলের হাট
সাইয়িদ রফিকুল হক

ফুলকলিদের ঘুম ভেঙেছে
ময়নাপাখির গানে,
নদীর বোয়াল হাসছে জোরে
ভাটিয়ালির তানে!

ফুলের মেলা বসবে যেন
বুড়ো বটের তলে,
অনেক ফুল যে আনন্দে তাই
ভাসছে নদীর জলে!

কত রঙের ফুল যে আছে
বাংলাদেশের বুকে,
বিজয়-হাসি লেগে আছে
সব ফুলেরই মুখে!

ফুলের শোভা দেখতে হলে
এসো নদীর ঘাটে,
সকল ফুলই উঠবে এবার
মানিকগঞ্জের হাটে!

ফুলকলিদের নয়কো মেলা
এ যে বেচা-কেনা,
ফুল বেচিয়া মালিকপক্ষ
শোধ করিবে দেনা!

ফুলকলিদের মনে ব্যথা
যাচ্ছে তারা ঝরে,
এই দুনিয়ায় কেউ নিলো না
একটু আপন করে!


সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮